আলু আমদানি করবে সরকার
আমাদের কাগজ ডেস্ক : এবার আলু আমদানি করবে সরকার। আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী। আজ (সোমবার) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় আলুর বাজারদর স্থিতিশীল রাখতে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহী আমদানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হলো।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে আলু আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।
সম্প্রতি আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রতিবেদন পাঠিয়েছে ভোক্তা অধিদপ্তর। সেখানে আমদানির এই সুপারিশ করা হয়।
পাইকারি এক আলু ব্যবসায়ী বলেন, সরকার আলু আমদানি করলে আপসে নেমে আসবে আলুর দাম। আমদানির সিদ্ধান্ত নিয়ে ভালো হয়েছে, আমাদের তো কোনো সমস্যা নেই। দাম বাড়লেও আমাদের কমিশন ৩০ পয়সা আর কমলেও একই।
এক ক্রেতা জানান, সরকারকে সরবরাহ বাড়াতে হবে। আমদানির পর তাও যদি দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পরতে হয় আমরা যারা ভোক্তা রয়েছি। সরবরাহ থাকলে দাম অটোমেটিক কমে যাবে।
এর আগে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেছিলেন, সরকারের উচিত একটি আনুষ্ঠানিক সাপ্লাই চেইন তৈরি করা। তাহলে অনেক সমস্যার সমাধান হবে এবং ভোক্তারাও উপকৃত হবেন।
এদিকে গত (১৪ সেপ্টেম্বর) আলু, দেশি পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে নির্ধারিত সেই দাম সরকার কখনোই কার্যকর করতে পারেনি। দেড় মাস ধরে বাড়তি দামেই এসব পণ্য কিনেছেন ক্রেতারা। এবার বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সে সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, ডিম, আলু ও দেশি পেঁয়াজ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে জন্য চেষ্টা করা হচ্ছে। নতুন দাম ঘোষণার পরই সব জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, বর্তমানে ভোক্তাদের খুচরা পর্যায়ে আলু কিনতে হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা করে। যা গত (১৪ সেপ্টেম্বর) এ সরকার নির্ধারিত ছিল ৪০ থেকে ৪৫ টাকা ।
আমাদেরকাগজ/এমটি