অর্থ ও বাণিজ্য ৯ ডিসেম্বর, ২০২৩ ০৪:০৯

রোববার থেকে পেঁয়াজের আমদানি বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: নিত্য বাজারে পেঁয়াজের ঝাঁজ। এক রাতের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম বাড়ল প্রতি কেজিতে ৮০-৯০ টাকা। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি। 

আজ শনিবার ৯ ডিসেম্বর হিলিতে খুচরা বাজারে এই চিত্র দেখা গেছে। 

ভারত সরকার অভ্যন্তরীণ সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে  হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওযায় এই অস্থিরতা দেখা দেয় পেঁয়াজের বাজারে । হিলি স্থলবন্দরের মোকামে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ভারত সরকারের বেঁধে দেওয়া ৮০০ মার্কিন ডলারের রপ্তানি মুল্যে আমরা হিলি বন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি করছি। কিন্তু ইতোমধ্যে ভারত সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। তাদের এমন হটকারী সিদ্ধান্তের কারণে দেশের পেঁয়াজ ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের দাবি জানাচ্ছি।

হারুন উর রশিদ আরও জানান, সরকারের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা দরকার। এখন থেকে বাজারে অভিযান চালানো হলে দাম বাড়ার আশংকা থাকবে না। কারণ আমদানি বন্ধের ঘোষণায় ইতোমধ্যেই ভোক্তাদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে।

এদিকে বন্দরের কয়েকজন আমদানিকারক জানান, আগের অনুমতি থাকায় আজ শনিবার দুপুর থেকে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে তিনটি ভারতীয় ট্রাকে প্রায় ৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে। কাল রোববার থেকে আমদানি বন্ধ হয়ে যাবে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) মহাপরিচালক সন্তোষ কুমার সারাঙ্গী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গত বৃহস্পতিবারের আগে যেসব পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে সেসব পেঁয়াজ রপ্তানি করা যাবে। এই আদেশ আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে বলে ওই আদেশে বলা হয়েছে।

এদিকে দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে গতকাল রাত থেকেই ক্ষোভ ঝারছে ক্রেতারা। 

তাঁরা বলছে, এক হাজার টাকা দিয়ে ৫ কেজি পেঁয়াজ কেনা সম্ভব নয় কারো কারো। কেউ কেউ বলছে, আগাম বিক্রেতারা জানিয়ে দিচ্ছে আগামীতে আরও বাড়বে। 

আমাদেরকাগজ/এমটি