অর্থ ও বাণিজ্য ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৯:০০

আলাদা সংস্থা চান চামড়া খাতের উদ্যোক্তারা

দেশীয় চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নের জন্য চামড়া সম্পর্কিত বিষয়াদি দেখভালের জন্য একটি নির্দিষ্ট সংস্থা প্রদানের আহবান জানিয়েছেন এই খাতের শিল্পোদ্যোক্তারা।

মঙ্গলবার চামড়া খাত নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), রিসার্স এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত এক অনলাইন সেমিনারে তারা এসব কথা বলেন।

উক্ত সেমিনারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সাভারের চামড়া শিল্প নগরীতে এখনও সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) ও প্রয়োজনীয় অবকাঠামো পুরোপুরি প্রস্তুত হয়নি। এ সময় তিনি প্রকল্পে বর্তমানে মাত্রাতিরিক্ত পানির ব্যবহার হচ্ছে উল্লেখ করে বলেন, এটি নিয়ন্ত্রণে না আসলে আমরা পানির উপর কর আরোপে বাধ্য হবো।

এই আলোচনায় অ্যাপেক্স গ্রুপের প্রধান সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, চামড়াজাত পণ্যের কাঁচামাল থাকা সত্বেও আমরা প্রত্যাশিত অগ্রগতি করতে পারিনি। অথচ ভিয়েতনাম কাঁচামাল না থাকা সত্বেও এ খাতের রপ্তানিতে বহুদূর এগিয়ে গেছে। এ খাতের উন্নয়ন একক সংস্থার উপর দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।

প্রায় এক যুগেও সাভারের চামড়া শিল্প নগরীর যথাযথ প্রস্তুত না হওয়া, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা না থাকা এবং বর্জ্য পাশের ধলেশ্বরী নদীতে যাওয়ায় পরিবেশ দুষণ এবং এসব কারনে আন্তর্জাতিক মান নির্ধারণকারী প্রতিষ্ঠানের (এলডব্লিওজি) সনদ না পাওয়ার মত বিষয়টি তুলে ধরে এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গও তোলেন বক্তারা দ্বিতীয় প্রধান রপ্তানিখাত হিসেবে এ খাতের ভবিষ্যত রক্ষায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত ও যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. মো. জাফর উদ্দীন। এছাড়া উপস্তিত ছিলেন ইআরএফ সভপতি সাইফ ইসলাম দিলাল, এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রধান কাজী ফয়সাল বিন সিরাজ, বিটিএর চেয়ারম্যান শাহীন আহমেদ, বিএফএলএলএফইএর সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন, ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।