লাইফ স্টাইল ৩১ অক্টোবর, ২০২২ ০২:৩৪

সুখী হতে চাইলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক: প্রতিটি মানুষ চায় সুখী হতে। তবে সবাই কি দৈনন্দিন জীবনে সুখী হতে পারে? তবে হয়তো ঠিক মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সে দেখতে পায় নিজের জীবনের ঘটে যাওয়া কিছু মূহুর্ত। জীবনের সমস্ত অর্জন ও ঘটনা সে তার চোখের সামনে দেখতে পায়। তাই ব্যক্তিগত জীবনে নিজেকে ভালো রাখার কোনো বিকল্প নেই।

নিজেকে সুখী দেখতে চাইলে করতে হবে কিছু কাজ। চলুন জেনে নেওয়া যাক-

স্মৃতি ধরে রাখুন, সম্পদ নয়

এই মুহূর্তে মূল্যবান কিন্তু ভবিষ্যতে তা নাও মনে হতে পারে এমন কোনো জিনিস জমা করবেন না। বরং সেসব স্মৃতিই জমা করুন যেগুলো আপনাকে সুখী করবে এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। প্রতিটি মুহূর্ত অনুভব করুন এবং প্রতিটি স্মৃতিকে বিশেষ ঘটনা হিসেবে মনে করুন। পরবর্তীতে সেসব স্মৃতি আপনাকে সুখী করবে।

প্রিয়জনের ভালোবাসাই সবকিছু

যখন কেউ তার প্রিয়জনকে হাসপাতালে দেখতে যায়, সঙ্গে করে তারা ভালোবাসা, স্বস্তি ও প্রশান্তিও নিয়ে আসে। তাই জীবনে সবচেয়ে দামী প্রাপ্তিগুলোর মধ্যে একটি হলো প্রিয়জনের ভালোবাসা। আপনার বিশাল বাড়ি, গাড়ি, সম্পত্তি শেষ পর্যন্ত আপনার সঙ্গে যাবে না। কেবল প্রিয়জনের ভালোবাসাটুকুই শেষ পর্যন্ত পাশে থাকবে।

অন্যরা কী ভাবছে তা নিয়ে ভাববেন না

বেশিরভাগ মানুষই অন্যরা কী ভাবছে সেই ভয়ে সারা জীবন পার করে দেয়। এই ভয়কে উপেক্ষা করতে পারলেই জীবনে সুখী হওয়া সম্ভব। অন্যদের ভাবনা নিয়ে আপনি যদি চিন্তিত থাকেন তবে সেটিই বরং একটি চিন্তার বিষয়। মানুষের ভাবনা আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। তাই নিজের কাজ করে যান। তারা কী ভাবছে তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

পরিবারকে সময় দিন

কাজ ও ক্যারিয়ারের দিকে মনোযোগী হওয়া অবশ্যই ভালো তবে এসবকিছু আপনার প্রিয়জনের চেয়ে দামি নয়। তাই সমস্ত ব্যস্ততা কাজের পেছনেই শেষ করবেন না। প্রিয়জনের জন্যও কিছু সময় রাখুন। একসঙ্গে ভালো কিছু সময় কাটান কারণ জীবনের সবকিছুই অনিশ্চিত। 

নিজের চাওয়াকে প্রাধান্য দিন

নিজের আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য জীবন খুবই ছোট। তাই নিজের কাজগুলো সম্পন্ন করুন। অন্যরা কী বলছে তা না শুনে বরং নিজের হৃদয়ের কথা শুনুন। হতে পারে তা ক্যারিয়ার বিষয়ক কিছু অথবা চাকরি পরিবর্তন করা, হতে পারে একা ঘুরতে চলে যাওয়া। আপনার মন কী বলছে? সেটিই করুন!

আমাদের কাগজ//জেডআই