লাইফ স্টাইল ২৫ নভেম্বর, ২০২২ ০৬:৪৩

শীতে কদর বেড়েছে গরম কাপড়ের

লাইফস্টাইল ডেস্ক: শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। রাতের তাপমাত্রা জানান দিয়েছে শীত এসেছে। গ্রামাঞ্চলে সকালে ও রাতে ঠাণ্ডা হিমেল অনুভূতি পাকাপোক্ত হয়েছে। এমন সময়ে কদর বেড়েছে সোয়েটার, জ্যাকেট, রেডিমেড ব্লেজার, শাল চাদর, হুডি, মোটা গেঞ্জিসহ অন্যান্য গরম পোশাকের।

রাজধানীর নিউমার্কেট এলাকার গ্লোব শপিং সেন্টার, নুরজাহান সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ধানমন্ডী হকার্স মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেটসহ আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

প্রায় প্রতিটি মার্কেট, বিপনিবিতানসহ ফুটপাতে এখন শীতের গরম কাপড়ের জমজমাট ব্যবসা চলছে। ক্রেতারাও দেখে শুনে নিজের এবং পরিবারের জন্য কেনাকাটা করছেন। অপরদিকে ফ্যাশন সচেতন তরুণ-তরুণীরা সাধ্যানুযায়ী ছুটছেন বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে।

সাধারণত বিভিন্ন ছোট মার্কেটে ও ফুটপাতে কাপড়ের দাম শুরু হচ্ছে তিনশত টাকা থেকে পাঁচশত টাকায়। আর বড় মার্কেটে জ্যাকেট বা সোয়েটারের দাম সর্বনিম্ন আটশত থেকে পনেরশ টাকার মধ্যে শুরু হচ্ছে। তবে দোকান, ব্র্যান্ড ও কাপড়ের গুণগত মান ভেদে রয়েছে দামের ভিন্নতা ও ফারাক।

আমাদের কাগজ//জেডআই