লাইফ স্টাইল ১৭ ডিসেম্বর, ২০২২ ০৯:১৪

শরীরের দুর্গন্ধ দূর করতে ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক: শীত-গরম সারাবছর জুড়ে শরীরে দুর্গন্ধ লেগেই থাকে। তবে এই সমস্যা থেকে বাঁচতে কিছু খাবার অনেক বেশি কার্যকরী। ঘরোয়া কিছু উপায়ে গায়ের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখা যায়।

চলুন জেনে নেই-

গ্রিন টি
গ্রিন টি ওজন কমানোর পাশাপাশি শরীরের দুর্গন্ধ রোধ করতেও সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি প্রতিদিন খেলে মুখ, শরীর ও পায়ের দুর্গন্ধ দূর হয়। গ্রিন টি-তে মধু মিশিয়ে প্রতিদিন দুই কাপ করে পান করুন।

সাইট্রাস ফল
পাতিলেবু, মুসাম্বি এবং কমলালেবুর মতো সাইট্রাস ফল শরীরে টক্সিন জমতে দেয় না, যার ফলে গন্ধ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ হয়। প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম লেবু পানি বা তাজা কমলালেবুর রস পান করুন।

মেথি
মেথিও শরীরে দুর্গন্ধের সমস্যা দূর করতে পারে। মেথির বীজ এবং পাতায় গন্ধ-প্রতিরোধী ক্ষমতা রয়েছে, যা আমাদের শরীর থেকে টক্সিন অপসারিত করে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি-ভেজানো পানি পান করুন।

এলাচ
যে কোনও রান্নায় এলাচ পড়লে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে এলাচ কেবল খাবারের স্বাদ বাড়ায় না, পাশাপাশি শরীরের দুর্গন্ধও দূর করে।

শাকসবজি
দৈনন্দিন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে, পালং শাকে উচ্চ মাত্রার ক্লোরোফিল থাকে, যা গন্ধ সৃষ্টিকারী যৌগগুলো প্রতিরোধ করে।

আমাদের কাগজ//জেডআই