লাইফ স্টাইল ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৩১

বিয়ের আগে যেসব জানা জরুরি

লাইফ স্টাইল ডেস্ক : অনেক ভেবেচিন্তে বিয়ে বা সংসার করার সিদ্ধান্ত নিতে হয় । এই এক সিদ্ধান্তই সারা জীবনের একটা রোডম্যাপ। ফলে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার মাশুল দিতে হয় সারা জীবন। অনেক সময় জানাশোনা বা প্রেমের সম্পর্কে থেকেও নিজের মনের মানুষকে ভালোভাবে বোঝা যায় না। এক্ষেত্রে বিয়ে করার সিদ্ধান্তে বেশ কিছু বিষয় নিয়ে ভাবতে হবে। আবার একদম অপরিচিত কাউকে বিয়ে করার ক্ষেত্রে প্রায় অনিশ্চিতির মধ্যে নিতে হয় সিদ্ধান্ত।

বিয়ে করার আগে বেশ কিছু বিষয় নিয়ে হবু বর ও কনের মধ্যে পরিস্কার ধারণা থাকা জরুরি। শুরুতে কিছু প্রশ্নের উত্তর জেনে নিলে পরবর্তীতে ঝামেলা থাকবে না।এছাড়া কিছু বিষয়ে নিজের অবস্থানটাও স্পষ্ট করে জানানো হবে এতে করে।

বিয়ের জন্য প্রস্তুত কিনা

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিক ও আর্থিক প্রস্তুতি থাকা জরুরি। তাই বিয়ের আগেই এ বিষয়ে পরস্পরকে প্রশ্ন করবেন। যদি অপরজনের মনে কোনো ধরনের দ্বিধা থাকে তবে সে কথা টাও জেনে নিন। দুজনে মিলে সেই দ্বিধা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। যদি সে এখনই বিয়ের জন্য প্রস্তুত না হয় তবে কিছুটা সময় দিন। মনের মধ্যে সংশয় নিয়ে বিয়ে করবেন না। 

ভবিষ্যৎ পরিকল্পনা

সংসার গুছিয়ে করার ক্ষেত্রে পরিকল্পনা জরুরি। সেটি বাস্তবায়ন কতটা হবে বা হয় তা না ভেবে একজন মানুষ তার ভবিষ্যৎ পরিকল্পনা করছে কিনা তা জানলে সেই মানুষের সম্পর্কে সাংসারিক হওয়ার বিষয়টিও ফুটে ওঠে। আপনার সাম্ভব্য সঙ্গীর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করুন। যদি আপনাদের পরিকল্পনা মোটামুটি মিলে যায় তবে একই পথে এগোনো সহজ হবে। আর যদি দুজন দুই মেরুর হন বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে তবে আরেকবার ভেবে দেখতে পারেন।

ক্যারিয়ার নিয়ে প্রশ্ন

বর্তমানে ছেলে মেয়ে উভয়েরই ক্যারিয়ার নিয়ে অনেক স্বপ্ন থাকে। তাই বিয়ের আগেই জেনে নিন আপনার হবু সঙ্গীর ক্যারিয়ার নিয়ে ভাবনা সম্পর্কে। এ নিয়ে তার পরিকল্পনা জেনে নিন। আপনার পরিকল্পনাও তাকে জানান। বিয়ের পরে ক্যারিয়ার তৈরিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির ভয় আছে কি-না তাও জেনে নিন। এতে পরবর্তীতে সমস্যা এড়ানো সহজ হবে।

কোথায় থাকবেন

বিয়ের পরে দুজন মিলে একসঙ্গে সংসার করাটাই স্বাভাবিক। প্রায় সব নারীই চায় তার নিজের মনের মতো একটি সংসার হোক। যৌথ পরিবারে থাকতে চায় না বেশিরভাগই। তাই বিয়ের পরে দু'জনের সংসার ঠিক কোথায় হবে তা আগে থেকেই জেনে নিন। মনে রাখবেন, সংসার তৈরি কোনো ছেলেখেলা নয়। জটিলতা এড়াতে তাই বিয়ের আগে সব জেনে নিন।

কাজ ভাগাভাগি

বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনেই চাকরিজীবী। ফলে কারও একার পক্ষে বাড়ির সব কাজ করা সম্ভব হয় না। আবার কোনো পুরুষ যদি কেবল তার ইগো ধরে রাখার জন্য বাড়ির সব কাজকে নারীর কাজ মনে করে ফেলে রাখেন, তাতেও ঝামেলা তৈরি হবে। তাই বিয়ের আগেই কাজ ভাগাভাগি সম্পর্কে জেনে নিন। আপনি কতটুকু কাজ করতে পারবেন সেকথাও জানিয়ে দিন।

মতপার্থক্য পারিবারিক কোন ঝামেলা তৈরি করবে কিনা

পরিকল্পনা বা ক্যারিয়ার নিয়ে একই রকম ভাবনা থাকার পরও চিন্তাগত পার্থক্য থাকতে পারে। কারণ একই গন্তব্যে একাধিক পথ ধরে পৌঁছানো যায়। এক্ষেত্রে চিন্তাগত পার্থক্য পরবর্তীতে ঝামেলা তৈরি করবে কিনা জেনে নিন। আপনি হয়তো অবাধ স্বাধীনতা ভোগ করতে চান। সংসার গদবাঁধা নিয়মে করতে হবে এমন ধারণা আপনার নাও নাথকে পারে অন্যদিকে আপনার সঙ্গীর হয়তো আর অন্য দশটা সংসারের মতো সংসার করার বাসনা থাকতে পারে। এসব ক্ষেত্রে পরবর্তীতে ঝামেলা তৈরির সম্ভবনা থাকে ফলে বিষয়টি নিয়ে পুরোপুরো জেনে নেওয়া ভালো।

মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন

কেউ সামাজিক মাধ্যমে বেশি একটিভ কেউ কম একটিভ। এসব বিষয় নিয়েও আজকাল সংসারে ঝামেলা তৈরি হয়। এছাড়া অন্য পুরুষ বা অন্য নারীতে আসক্তির বিষয়টিও হুট করে জচন্মায় এমনটি নয়। মানসিকভাবে অনেকের ভেতরে এমন প্রবণতা আগে থেকেই থাকে। এসব বিষয়ে মানসিকতা বোঝার চেষ্টা করে বিয়ের সিদ্ধান্ত নিন। পছন্দের বিষয়ে ভিন্ন গ্রহণ করতে সক্ষম কিনা তাও যাচাই করুন।

আমাদেরকাগজ/ এইচকে