লাইফ স্টাইল ১৯ অক্টোবর, ২০২৩ ০৫:১২

যে কারণে ড্রাগন ফল খাবেন

আমাদের কাগজ ডেস্ক : দেশের বাজারে এখন প্রচুর ড্রাগন ফল পাওয়া যায়। শুধু তাই নয়, বাণিজ্যিকভাবেও এর চাষ করা হচ্ছে। তবে আমরা এটিকে দামি ফল হিসেবে জানলেও জানিনা এর পুষ্টিগুণ সম্পর্কে।  

আসল অর্থে বিদেশি এই ফলটিতে রয়েছে প্রচুর ভিটামিন সি। যা খেলে আমাদের ওজন বাড়ার কোন আশঙ্কা নেই। এতে প্রচুর ম্যাগনেশিয়াম, ওমেগা ফ্যাটি অ্যাসিড, বিটা-ক্যারোটিন ও লাইকোপেনের মতো অ্যান্টি–অক্সিডেন্ট আছে। আরও আছে ফাইবার ও আয়রন, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

 

কীভাবে খাবেন

আপনি খোসা ছাড়িয়ে ফেলে জুস করে খেতে পারেন। চাইলে সালাদ হিসেবেও খেতে পারেন। আবার সাধারণ ফলের মতো কেটেও খেতে পারেন। তাপে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই রান্না করে না খাওয়াই ভালো।


ড্রাগন ফল কেন খাবেন

১. বেশি আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়; যা কিশোরী, অন্তঃসত্ত্বা, প্রসূতিদের জন্য প্রয়োজনীয়।

২. ক্যারোটিন–সমৃদ্ধ হওয়ায় দৃষ্টিশক্তি ভালো থাকে।

৩. প্রচুর ক্যালসিয়াম থাকায় হাড় শক্ত ও দাঁত মজবুত রাখে। নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ফল।

৪. ড্রাগনের মধ্যে থাকা প্রোটিন শরীরের যাবতীয় বিপাকীয় কাজে সহায়তা করে।

৫. লাইকোপেন থাকায় ক্যানসারপ্রতিরোধী হিসেবে কাজ করে।

৬. ড্রাগন ফলে থাকা পর্যাপ্ত ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। ত্বকের সতেজ ভাব ফিরিয়ে আনে। বলিরেখা দূর করতে সাহায্য করে। চুলের স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখে।

৭. ড্রাগন ফলে প্রচুর আঁশ থাকায় রক্তের চর্বি কমায়, হজমে সাহায্য করে, হৃৎপিণ্ডের সুস্বাস্থ্যের জন্য ভালো, কোষ্ঠ্যকাঠিন্য দূর করার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।

৮. এতে প্রচুর প্রোটিন, ফাইবার ও জলীয় অংশ থাকায় ওজন কমায়।

আমাদেরকাগজ/এমটি