শিক্ষা ৮ নভেম্বর, ২০২০ ০৮:৫১

ঢাবির ঘ ইউনিটের পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটের (বিজ্ঞান, কলা, ব্যবসা)  মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিলুপ্ত করা হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিটের ভর্তি পরীক্ষা ৷

আজ রোববার ডিন্‌স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, এ বছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিনটি গ্রুপ আছে (বিজ্ঞান, কলা, বাণিজ্য) ভবিষ্যতে সেগুলোকে বিবেচনায় নিয়ে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে৷ তিনটি ইউনিটের নামকরণ কী হবে, তা পরে ঠিক করা হবে।’

এটি কার্যকর হবে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করা হবে। এ দুই ইউনিটের শিক্ষার্থীদেরও বিজ্ঞান, কলা এবং ব্যবসা শিক্ষা ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সংখ্যা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্যই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কীভাবে চ ইউনিট এবং ঘ ইউনিটকে শুধু ক, খ, গ এ তিনটি ইউনিটের সঙ্গে সমন্বয় করা হবে, সে বিষয়ে পরে বিভিন্ন কলা কৌশল অনুসরণ করা হবে।