শিক্ষা ৩০ জানুয়ারি, ২০২১ ০৩:৫৮

এইচএসসির ফলাফল

ফল রিভিউয়ের সুযোগ পাবে আগ্রহীরা

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক মহামারি করোনায় না হওয়া পরীক্ষার ফল প্রকাশ  হচ্ছে আজ। জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে কেউ আগ্রহী হলে রিভিউয়ের সুযোগও থাকবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এইচএসসির ফল ঘোষণা করা হবে। এসএমএস ও অনলাইনে ফল পাওয়া যাবে।

পরীক্ষা নিয়ে ফল পুনঃনিরীক্ষণ করার সুযোগ থাকলেও এবার সেই সুযোগ থাকছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ফলাফলে কারো আপত্তি থাকলে রিভিউ করতে পারবেন। ফলাফল প্রকাশের পর রিভিউয়ের পদ্ধতি জানিয়ে নোটিশ দেওয়া হবে। ফলে অসন্তুষ্ট হলে আবেদনের সুযোগ দেওয়া হবে।

১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল।

ফলাফল মূল্যায়ন নিয়ে এর আগে শিক্ষামন্ত্রী জানান, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।