শিক্ষা ২৮ জুলাই, ২০১৯ ১২:০৪

সহকর্মীকে বাঁচাতে গিয়ে পানিতে নিখোঁজ হলেন শিক্ষক

নাটোরের চলনবিলের পাটুলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক মোখলেছুর রহমান পলাশ। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। সহকর্মীকে বাঁচাতে গিয়ে তিনি পানিতে লাফ দিয়ে নিখোঁজ হন বলে জানা গেছে। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টা পর্যন্ত ডুবুরিরা তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছিল।

 

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জনাব আলী জানান, বিবিএ’র একদল শিক্ষক শনিবার চলনবিলে নৌকা ভ্রমণে যান। তারা বিকালে নৌকা ভ্রমণ করছিলেন। হঠাৎ করেই নৌকায় থাকা শিক্ষক প্রাপ্তি সাহা পানিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারে নদীতে ঝাঁপিয়ে পড়েন বিভাগের শিক্ষক মোখলেছুর রহমান পলাশ। শিক্ষক পলাশের দীর্ঘ প্রচেষ্টায় প্রাপ্তি সাহাকে উদ্ধার করা গেলেও পলাশকে আর পাওয়া যায়নি। 

 

তিনি আরও জানান, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল খালেকসহ সিনিয়র শিক্ষকরা নাটোরের পাটুলে গিয়েছেন। ডুবুরি দলের সদস্যরা শিক্ষক পলাশের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

 

বিডি প্রতিদিন/এনায়েত করিম