শিক্ষা ২৭ অক্টোবর, ২০২২ ০১:১৯

প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের সব ধরনের চারিত্রিক ও মানবিক গুণাবলী থাকার প্রয়োজন উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সবার কাছেই শিখতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী কত নম্বর পেল সেটা গুরুত্বপূর্ণ নয়; দেখতে হবে সে কতটা মূল্যবান হয়ে উঠছে।

তিনি বলেন, যেকোনো শারীরিক ও মানসিক সংকটে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা করতে হবে শিক্ষার্থীদের। অন্যথায় শিক্ষার্থীরা প্রত্যাশার চাপ নিতে পারবে না। তাই শিক্ষকদের সেই দূরদর্শী হতে হবে।

তিনি বলেন, শিক্ষা খাতে বাজেট বেড়েছে। আমরা যে রূপান্তরের কথা বলছি, সেখানে প্রত্যেককে তাদের দায়িত্ব পালন করতে হবে। ভালো কিছু চাইলে ভালো পরিবেশ দরকার। এ জন্য শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।


আমাদেরকাগজ/এইচএম