রাবি প্রতিনিধি: আগামীকাল ১২ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন হওয়ার কথা থাকলেও হঠাৎ করে তা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক সূত্র।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ৬ বছর পর গত ২৩ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের আহ্বান জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ। এক সপ্তাহের মধ্যে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি রাবি শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ১২ নভেম্বর নির্ধারণ করে। প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ সময় ছিল ৫ নভেম্বর। ৯৪ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। কেন্দ্র ঘোষিত তারিখ অনুযায়ী সম্মেলনের একদিন বাকি। অথচ এখনও সম্মেলনের প্রস্তুতি শুরু করেননি ছাত্রলীগ নেতাকর্মীরা। গঠন করা হয়নি সম্মেলন প্রস্তুত কমিটিও। ফলে সম্মেলন নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ধোঁয়াশা দেখা দিয়েছে।
সম্মেলন স্থগিত কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে আসবেন কি না এটা নিশ্চিত করেননি। তাই আমরা সম্মেলনের প্রস্তুতি নিতে পারিনি।
তবে শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী একাধিক নেতা জানান, স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ সম্মেলন হোক তা চায় না। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও সম্মেলনের পক্ষে নন। তাই সম্মেলন স্থগিত করা হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম





















