শিক্ষা ২৯ জানুয়ারি, ২০২৩ ০৪:৩৮

ইবিতে বারবার বিজ্ঞপ্তি দিয়েও মিলছে না শিক্ষার্থী

ইবি প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ সম্মান প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে একের পর এক বিজ্ঞপ্তি দিয়েও চাহিদা মাফিক শিক্ষার্থী পাচ্ছে না। ভর্তির জন্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে এক থেকে ১০ম পর্যন্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকা থেকে এখনও ৩শ’টিরও বেশি আসন খালি রয়েছে। এমনটিই জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া।

রোববার (২৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে চূড়ান্ত ভর্তি। আশঙ্কা করা হচ্ছে চূড়ান্ত ভর্তির পর আরও কিছু আসন খালি হতে পারে।

এদিকে আসন ফাঁকা রেখেই হয়তো ক্লাস শুরু করার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় আসন ফাঁকা রেখে ক্লাস শুরুর করার তারিখ ঘোষণা করেছে। ইবি প্রশসানও সে পথেই হাঁটতে পারে।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সোমবার (৩০ জানুয়ারি) মিটিংয়ে মতামতের ভিত্তিতে ক্লাস শুরু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমাদেরকাগজ/এইচএম