নিজস্ব প্রতিবেদক: ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাময়িক বহিষ্কারের এই অনুমোদন দেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের কবি জসিমউদদীন হলের শিক্ষার্থী মো. নাইমুর রহমান দুর্জয় এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্যার এ এফ রহমান হলের একই বর্ষের শিক্ষার্থী মো. সাকিব ফেরদৌস।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে পত্রপ্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয় থেকে সাত জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ছাত্র জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান। এই পরিপ্রেক্ষিতে নাইমুর রহমান দুর্জয় ও সাকিব ফেরদৌসকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
আমাদেরকাগজ/এইচএম






















