আমাদের কাগজ ডেস্ক: সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা কার্যক্রম। সেই মোতাবেক নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়ও এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। জানা যায়, এদিনে নকল করার অপরাধে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্র।
সোমবার (৮ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, চতুর্থ দিনের রোববার (৭ মে) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় দায়িত্বে অবহেলার অপরাধে ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, রোববার সকালে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিন শিক্ষার্থীর কাছ থেকে নকল পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়। এ সময় ওই কক্ষে দায়িত্বরত চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে নকল করার সময় এক শিক্ষার্থীকে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ওই কক্ষে দায়িত্বে থাকা দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, রোববার পরীক্ষা কেন্দ্রে নকল করায় দুই কেন্দ্রের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
আমাদের কাগজ/এমটি






















