শিক্ষা ১৯ জুন, ২০২৩ ০৮:১৫

ইডেন ছাত্রলীগ নেত্রী রিভা-রাজিয়াকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: লালবাগ থানার পৃথক দুই মামলা থেকে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত মামলা দুটিতে পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে এ অব্যাহতির আদেশ দেন।

এসময় ছাত্রলীগের উভয়পক্ষের নেত্রীরা আদালতে হাজির হন। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে কোনো পক্ষই আদালতে নারাজি দাখিল করেননি। আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শওকত মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, ইডেন ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার নেতৃত্বে গত বছরের ২৪ সেপ্টেম্বর রাতে আয়শা হলের সামনে সহ-সভাপতি জান্নাতুলকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত জখম করে। রিভা হকিস্টিক দিয়ে তাকে আঘাত করে। আর রাজিয়াসহ বাকি আসামিরা জান্নাতুলের ওড়না খুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করার উদ্দেশ্যে গলায় পেঁচিয়ে দুইদিক থেকে টান দেয়।

জান্নাতুল মাটিতে লুটিয়ে পরলে তার মৃত্যু ভেবে আসামীরা ছেড়ে দেয়। এ ঘটনায় জান্নাতুল লালবাগ থানায় ভুক্তভোগী পৃথক দুটি মামলা দায়ের করেন। এক মামলায় আসামি ১৯ জন ও অপরটিতে ১৪ জন।


আমাদেরকাগজ/এইচএম