মুজাহিদ, তিতুমীর কলেজ থেকে: গত এক সপ্তাহের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত ৮ জুলাই টঙ্গীতে বাইক এক্সিডেন্ট করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র (ডিপার্টমেন্ট ফাস্ট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মীর ওজায়ের। পরে একইদিন শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ওজায়েরের মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্টবিজ্ঞান বিভাগের অধ্যাপক মালেকা বিলকিস বলেন, ওজায়ের এর অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। সে অত্যন্ত মেধাবী-ভদ্র-আন্তরিক ছিল। ক্লাসে সবসময় প্রথম সারিতে দেখেছি ; চলনে-বলনে নম্রতার কমতি ছিল না। এতো ভালো একজন শিক্ষার্থীকে এভাবে হারিয়ে ফেলবো তা সত্যেই কষ্টকর।তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা শীগ্রই ডিপার্টমেন্ট থেকে দোয়ার আয়োজন করবো।
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আন নুর শোক প্রকাশ করে বলেন, সে আমার একদম কাছের এবং পছন্দের ছাত্র ছিল। ওজায়ের শুধু তিতুমীর কলেজ নয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে রাষ্টবিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। তার মতো বিনয়ী ছাত্র খুব একটা দেখা যায় না। আল্লাহ তাকে জান্নাত দান করুক। আমিন।
মীর ওজায়েরের শোক যেতে না যেতেই আবার ১৩ জুলাই তিতুমীর কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিম সড়ক দুর্ঘটনায় মারা যান।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় শোক প্রকাশ করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ সালাহ্উদ্দীন বলেন, আমাদের বিভাগের প্রাণবন্ত শিক্ষার্থী ফাহিম অসময়ে চলে গেল। তার মৃত্যু মেনে নেয়া কঠিন। মহান আল্লাহ পাক তাঁকে পরপারে ভালো রাখুন। তার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাই।
পরপর দুই শিক্ষার্থীর মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে আসে। তিতুমীর কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা আন্দোলনেরও হুশিয়ারি দেন। তবে দুইজনের মৃত্যুর মিছিলেও সড়কে শিক্ষার্থীদের প্রাণ ঝড়া থামেনি।
আবারো ১৩ জুলাই বিকালে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়।
নিহত জাহিদ হাসান তিতুমীর কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এভাবেই এক সপ্তাহের ব্যবধানে সড়কে ঝড়ে গেছে তিতুমীর কলেজের মেধাবী ৩ শিক্ষার্থীর প্রাণ। এমন মৃত্যুর মিছিলে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। শিক্ষক শিক্ষার্থীদের দাবি, এভাবে অকালে মেধাবী শিক্ষার্থীদের হারাতে থাকলে ভবিষ্যত হবে সঙ্কটাপন্ন।
আমাদেরকাগজ/এইচএম






















