শিক্ষা ২১ আগস্ট, ২০২৩ ০৬:০৫

ইবিতে ফুলপরী নির্যাতন: ছাত্রলীগের ৫ নেত্রীকে আজীবন বহিষ্কার

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ফুলপরী খাতুনকে নির্যাতনের দায়ে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২৬০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

এর আগে গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে আচারণবিধির দ্বিতীয় অধ্যায়ের ৮ ধারা অনুযায়ী জড়িতদের এক বছরের জন্য বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। পরে গত ২৬ জুলাই এই শাস্তি ‘যথোপযুক্ত নয়’ উল্লেখ করে পুনরায় শাস্তি নির্ধারণে ভিসিকে নির্দেশ দেন হাইকোর্ট। আগামী ২৩ আগস্ট আদালতে এসংক্রান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সোমবার জরুরি সিন্ডিকেট সভা ডাকে কর্তৃপক্ষ। ভিসির নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় জড়িতদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফুলপরীকে নির্যাতনের ঘটনায় রিটকারী আইনজীবী গাজী মো. মহসিন বলেন, বিশ্ববিদ্যালয়ে যে আইন রয়েছে তাতে সর্বোচ্চ শাস্তি স্থায়ী বহিষ্কারের বিধান রয়েছে। বিচারপতি কোড অব কন্ডাক্টের বিধি প্রথম ভাগের ৪, ৫, ৭ এবং দ্বিতীয় ভাগের  ৮ অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে এক নবীন ছাত্রীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। ভুক্তভোগী ফুলপরী খাতুন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তাঁর অনুসারীরা তাকে নির্যাতন করেন বলে জানায় ভুক্তভোগী।

আমাদেরকাগজ/এইচএম