শিক্ষা ১৫ জুলাই, ২০২৪ ১১:২২

ঢাবিতে আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। সেই আতঙ্কে অনেকেই হল ছেড়ে যাচ্ছেন। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন হল থেকে অনেকেই বেরিয়ে যান।

সরেজমিনে দেখা গেছে, হাত ও কাঁধে ব্যাগ নিয়ে আতঙ্কিত শিক্ষার্থীরা হল ছাড়ছেন। কেন হল ছাড়ছেন, এ বিষয়ে জানতে চাইলে সংবাদমাধ্যমের সঙ্গে তারা কথা বলতে রাজি হননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হলে এসেছি পড়াশোনা করার জন্য। আমার রাজনীতি বা কোটা আন্দোলন—কোনোটার সঙ্গেই সংশ্লিষ্টতা নেই। হলে থাকার কারণে ছাত্রলীগের মিছিলে যেতে বাধ্য করা হয়। কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আর সাহস পাচ্ছি না হলে থাকার।’

তিনি আরও বলেন, ‘আমার বাড়ি থেকে পরিবার বলে দিয়েছে বাড়ি ফিরে যেতে। তাই বাড়ি ফিরে যাচ্ছি। ক্লাস শুরু হলে আসবো। তবে হলে হয়তো আর ওঠা হবে না।’

এদিকে সরেজমিনে দেখা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা হ্যান্ডমাইক নিয়ে প্রতিটি হলের মাঠে গিয়ে ‘কারও রাজনৈতিক চালের বলি’ না হওয়ার আহ্বান জানাচ্ছেন।

তাদের আরও বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা, আপনারা দেশ ও জাতির ভবিষ্যৎ। আপনাদের সুন্দর ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। কারও রাজনৈতিক চালের বলি হবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার আপনার দায়িত্ব।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড় ও হলের সামনে তাদের অবস্থান নিতে দেখা যায়।