ডেস্ক রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ভোরে তার ফেসবুক আইডি হ্যাক হয়। তিনি আইনী পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
তিনি একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ আমাদের আইডি হ্যাকড করেছিল। তারাই এটা করে থাকতে পারে। এর আগে কোটা আন্দোলনের সংগঠক মশিউর ও বিন ইয়ামীন মোল্লার আইডি হ্যাকড হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার আইডি হ্যাকড করা হয়েছে।
নূর বলেন, আমরা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে কথা বলি। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শ্রেণি আমাদের বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু তাদের এ ঘৃণ্য চেষ্টা কখনই সফল হবে না।
এদিকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।





















