নিজস্ব প্রতিবেদক
সুন্দর সমাজ গঠনে গণগ্রন্থাগারের সার্বিক উন্নয়নের কোন বিকল্প নেই। তাই দেশব্যাপী গণগ্রন্থাগারের উন্নয়ন ও পাঠক বৃদ্ধির লক্ষে আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল রোববার খুলনায় ’গ্রন্থাগার আন্দোলন: সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। পাঠাগার আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় কমিটি এই সভার আয়োজন করেন।
‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক এআইজি ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি মালিক খসরু। এ ছাড়া খুলনা জেলার সকল বেসরকারি গণগ্রন্থাগারের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. ইমাম হোসাইন, মহাসচিব নাসিম আহমেদ, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও বিএল কলেজের অধ্যাপক আনোয়ারুল কাদির, অধ্যাপক শংকর কুমার মল্লিক, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার স্বপন গুহ, আলমগীর হোসেন, এম মাফতুন আহমেদ, এ. এইচ জামাল উদ্দিন, আলাউদ্দিন রাজা প্রমুখ বক্তব্য দেন।
মতবিনিময় সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলার সিনিয়র অ্যাডভোকেট জনাব এম মাফতুন আহমেদ।





















