শিক্ষা ২০ অক্টোবর, ২০২০ ০৭:৪৮

কেরাণীগঞ্জে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসনসহ নানা সংকট সমাধানে কেরাণীগঞ্জে বড় পরিসরে নতুন ক্যাম্পাস স্থাপন করা হচ্ছে। এলক্ষ্যে ২০১৮ সালের ৯ অক্টোবর কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদন করে একনেক। প্রায় ১৮৮ একর জমির ওপর এক হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকার এ প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা ছিল ২০২০ সালের অক্টোবরের মধ্যে। অবশ্য করোনা মহামারীতে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানা গেছে।

কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসে নির্মাণ করা হবে ১৩টি হল ও ৯টি অনুষদ ভবন। থাকছে উপাচার্য ভবন, আবাসিক ও কোষাধ্যক্ষ ভবন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ২ হাজার কোটি টাকার প্রজেক্টের অর্ধেক টাকা দিয়ে জমি আর অর্ধেক টাকা দিয়ে লেক খনন, ব্রিজ, কালভার্ট, রাস্তা, পানি, ইলেকট্রিসিটি ও ওয়াল তৈরি হবে।

এর পরে প্রায় ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্পে নতুন ক্যাম্পাসে একাধিক একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রীদের জন্য হল, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা, চিকিৎসা কেন্দ্র, ক্যাফেটেরিয়া, খেলার মাঠ, সুইমিং পুল, মসজিদ এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এসব অবকাঠামো এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্য্য অক্ষুণ্ণ রেখেই নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের জমির নির্ধারিত (সরকারি) মূল্যের তিনগুণ অর্থ প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে চট্টগ্রাম জেলার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ওসমান গনিকে ক্ষতিপূরণের চেক প্রদানের মাধ্যমে প্রায় ১৮৮ দশমিক ৬০ একর জমির জন্য মালিকানা প্রমাণ সাপেক্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ৮৯৯ কোটি ৮০ লক্ষ ৪৯ হাজার ৮৩২ টাকা (প্রায়) এর চেক বিতরণ কার্যক্রম পরিচালনা শুরু হয় গত বছরের নভেম্বরমাসে।

উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রজসুন্দর মিত্র, অনাথবন্ধু মৌলিক, পার্বতী চরণ রায় ও দীননাথ সেন এর হাত ধরে বুড়িগঙ্গা নদীর তীরে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তখন এর নাম দেওয়া হয় ব্রাহ্ম স্কুল । সেই ১৮৫৮ সালের ব্রাহ্ম স্কুল কালস্রোতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ পেরিয়ে ২০০৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়। যা আজকের আধুনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়।