আইন ও আদালত ১৩ ডিসেম্বর, ২০২০ ১১:৩১

দুর্নীতির মামলা সরকার প্রত্যাহার করতে পারবে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির অভিযোগে করা কোন মামলা প্রত্যাহার করতে পারবে না সরকার। এমনকি মামলা প্রত্যাহারে করা যাবে না কোন সুপারিশও। এমন রায় দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ গত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। আজ রোববার রায়ের বিষয়টি প্রকাশ পায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এ রায়ের পর ওয়ান ইলেভেনের সময় বিএনপি চেয়ারপার্সনসহ অন্যদের বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলা প্রত্যাহারের কোনো সুযোগ সরকারের নেই। এ রায়কে যুগান্তকারী মন্তব্য করে দুদক আইনজীবী জানালেন, উচ্চ আদালতের রায়ের ফলে দুর্নীতির মামলায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ হবে।

সরকারি ত্রাণের টিন আত্মসাতে অভিযুক্ত সিলেটের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের একটি মামলা হঠাৎই প্রত্যাহার হয়ে যায়। জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই মামলাটি প্রত্যাহার হয়।

এর বিরুদ্ধে ২০১৬ সালে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুর্নীতি দমন কমিশন। ৪ বছর পর হাইকোর্ট রায় দিলেন দুর্নীতির কোনো মামলাই সরকার প্রত্যাহার করতে পারবে না। এমনকি করা যাবে না প্রত্যাহারের সুপারিশও।

ওয়ান ইলেভেনর সময় করা দুর্নীতির মামলাগুলোর বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এসব মামলা প্রত্যাহার কিংবা প্রত্যাহারের সুপারিশের এখতিয়ার নেই সরকারের।

রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম ফজলুল হক বলেন, এই রায়ের ফলে বেগম জিয়াসহ অন্যদের বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলা প্রত্যাহারের কোনো সুযোগ সরকারের নেই।

এ ধরণের মামলা নিয়ে হাইকোর্টের দেয়া এটিই প্রথম রায়। রায়কে স্বাগত জানিয়ে দুদক আইনজীবী বলছেন রায়ের ফলে দুর্নীতিগ্রস্তদের বিনা বিচারে পার পাওয়ার সুযোগ বন্ধ হলো।

দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, সরকারের এই ব্যাপারে আর কোনো নাক গলানোর সুযোগ নেই। এই আইনে সরকারকে কোনো সুযোগ দেওয়া হয়নি।

হাইকোর্টের এই রায়ের ফলে দুর্নীতি দমন কমিশন আরো স্বাধীন ও নিরপেক্ষভাবে যেকোনো অভিযোগ তদন্ত করতে পারবে বলে মনে করেন দুদক আইনজীবী।