নিজস্ব প্রতিবেদক
মায়ের দায়ের করা মামলায় অবশেষে জামিন পেলেন ওয়াসিমা খাতুন। তবে স্বামী মো. তোফায়েলকে জামিন দেয়নি আদালত।
পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন বিচারপ্রার্থী দুই শিশু আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে তিন বছরের টুম্পা মা-বাবাকে কারাগার থেকে বাড়ি নিয়ে যেতে প্রতিবেশীর হাত ধরে গতকাল মঙ্গলবার পা রাখে আদালতে। কান্নাকাটি করে আদালতের বারান্দায়। বিষয়টি গণামাধ্যমে প্রচারের একদিন পর দুই শিশুর মাকে জামিন দিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জামিনের এ আদেশ দেন।
জানা যায়, দুই শিশুর নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও তার স্বামী মো. তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেন। আর এ মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশুদের বাবা-মা। সেই থেকে শিশুদের দেখার কেউ নেই। বংশালের প্রতিবেশীদের ঘরেই আশ্রয় নিয়েছে দুই শিশু। তাদের হাত ধরেই দুই ভাই বোন বাবা-মায়ের জামিনের জন্য বিচারক মো. মামুনুর রশিদের আদালতে গিয়েছিল।
কিন্তু এদিন দুই শিশুটির বাবা-মাকে জামিন দেননি বিচারক। উল্টো শিশুরা আদালতের ভেতরে কান্নাকাটি করায়, দায়িত্বরত এক পুলিশ সদস্যকে শোকজ করেছিলেন আদালত।






















