নিজস্ব প্রতিবেদক
যৌতুকের কারণে নির্যাতনসহ স্ত্রীর করা দুই মামলায় জোনায়েত বাতেন (৪৬) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারের পর আজ শুক্রবার সকালে থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর কাঁটাবন এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তমেজ উদ্দিন বলেন, মামলায় জোনায়েত বাতেনকে বিএসএমএমইউর চিকিৎসক বলে উল্লেখ করা হয়েছে।
তিনি জানান, প্রথম স্ত্রীর দুটি মামলায় গত বছরের ডিসেম্বরে ওই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গতকাল (বৃহস্পতিবার) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শুক্রবার সকালে থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী নিজেকে প্রথম স্ত্রী বলে দাবি করেন। তিনি বলেন, ২০০০ সালে জোনায়েত বাতেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। যৌতুকের জন্য বিভিন্ন সময় তাকে নির্যাতন করা হয়। গত বছরের মাঝামাঝি সময় তিনি ঢাকা দায়রা জজ আদালতে দুটি মামলা করেন। একটি যৌতুকের কারণে নির্যাতন, অপরটি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আবার বিয়ে করা।
বাদীর অভিযোগ, তার স্বামীর সঙ্গে একাধিক নারীর সম্পর্ক রয়েছে। তাকে না জানিয়ে ২০১৭ ও ২০১৯ সালে আরও দুটি বিয়ে করেন তার স্বামী।






















