আইন ও আদালত ১২ অক্টোবর, ২০২২ ০৫:১২

জামিন নামঞ্জুর

কারাগারে ‘বালুখেকো’ সেলিম খান

দুদকের মামলায় কারাগারে গেলেন চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান ‘বালুখেকো’ সেলিম খান।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানি শেষে বুধবার (১২ অক্টোবর) অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেন বিচারক আসাদুজ্জামান।

এর আগে, ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ১২ অক্টোবর জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে মামলা করেন। ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ এই মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

আমাদের কাগজ/ ইদি