নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অন্তর্বর্তীকালীন মুক্তিতে থাকা খালেদা জিয়াকে নির্বাচনের আগে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অন্তর্বর্তীকালীন মুক্তিতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী জাতীয় নির্বাচনের আগে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।
তিনি বলেন, দল হিসেবে জামায়াতের বিচারের জন্য শিগগিরই আইনে সংশোধনী আনা হবে। এছাড়া ভিন্ন নামে জামায়াতের আবেদন কিভাবে নিষ্পত্তি করে নির্বাচন কমিশন (ইসি) সেটি পর্যবেক্ষণ করবে সরকার।
খালেদা জিয়ার সাজা স্থগিত ও আগের দুটি শর্ত বহাল রাখার পর গত ১৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ থেকে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়।
এর সঙ্গে ষষ্ঠবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হলো। এই পর্বে তার মুক্তির মেয়াদ শেষ হবে ২৪ সেপ্টেম্বর।
প্রজ্ঞাপনে বলা হয়, আগের মতো খালেদা জিয়া ঢাকার বাসভবন থেকে চিকিৎসা নেবেন এবং এ সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না- এই দুই শর্তে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম






















