আইন ও আদালত ১০ নভেম্বর, ২০২২ ০৭:৩৫

সমাবেশের খরচ তুলতে বিএনপি কর্মীদের ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে একের পর এক কর্মসূচির ডাক দিচ্ছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে সক্রিয় রয়েছে দলটি। তবে চলমান এসব কর্মসূচির অংশ নেওয়ার খরচ তুলতে এখন দলটির কর্মীরা মোবাইল ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। তার দাবি করেন, গ্রেফতারকৃতরা বিএনপির রাজনীতিতে জড়িত। পদ-পদবি না থাকলেও তারা বিএনপির কর্মী।

বুধবার (০৯ নভেম্বর) রাজধানীতে অভিযান চালিয়ে একটি চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবি। তারা হলো, হারুন ওরফে আনিছুজ্জামান, হারুন-অর-রশিদ, সোহেল, এনামুল হক ও নূর ইসলাম। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ বলেন, আসলে এটা কাউকে দোষারোপ করে না, কাউকে হেয় করার জন্য বলছি না। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি তোমাদের পেশা কী? তখন তারা বলেছে, আমাদের পেশা হলো আমরা রাজনীতি করি। চক্রটির সদস্যরা অন্য কোনও রাজনৈতিক দলের সমাবেশে যায় কিনা এমন প্রশ্নে হারুন বলেন, ‘না, তারা বিএনপির রাজনীতি করেন। বিএনপির সমাবেশে আসতো। তাদের পদ-পদবি নেই। তবে তারা বিএনপির কর্মী।

আমাদের কাগজ//জেডআই