আইন ও আদালত ১৫ নভেম্বর, ২০২২ ১০:২৭

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে হত্যা মামলায় এক দম্পতির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। একই মামলায় অবৈধ দেহব্যবসার আরেকটি আইনে স্বামী-স্ত্রী দুজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। তবে রায় ঘোষণার সময়ে দুজনই পলাতক ছিলেন। এ ছাড়া একই ঘটনায় আসামিদের মানবপাচার আইনে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মো. স্বপন গাজী (৪৫) ও তার স্ত্রী আঁখি আক্তার তমা (৩৯)।

মামলা সূত্র থেকে জানা গেছে, ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে ফতুল্লার দাপা ইন্দ্রাকপুর এলাকার একটি ভাড়া করা বাসায় ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে বালিশচাপা দিয়ে ওই কিশোরীকে হত্যা করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত।

এ বিষয়ে অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, এ ঘটনার মামলায় ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন। এ সময় এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আমাদেরকাগজ/এএইচ