আমাদের কাগজ ডেস্কঃ শত জল ঘোলার পর এবার নিশ্চিত হল মায়ের সাথে থাকবে দুই মেয়ে জেসমিন মালিকা (১২) ও নাকানো লায়লা (১১)। জাপানি বংশোদ্ভূত সেই দুই শিশুকে মায়ের কাছে রাখার আদেশ দিয়েছেন আদালত। এখন থেকে দুই শিশু তাদের মা নাকানো এরিকোর জিম্মায় থাকবে।রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় দেন।এতে বলা হয়েছে, মা চাইলে দুই সন্তানকে নিয়ে জাপান যেতে পারবেন। দুই শিশুর বাবা ইমরান শরীফ যে মামলা করেছিলেন আদালত সেটাও খারিজ করে দেন।
রায় শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ওই দুই শিশুর মা নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির। এর আগে গত ২২ জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।
এরআগে গত ১৫ জানুয়ারি দুই শিশুর বক্তব্য শুনে তা রেকর্ড করেন একই আদালত।২০০৮ সালে জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান। বাংলাদেশে আসার পর দুই মেয়ে কার জিম্মায় থাকবে তা নির্ধারণ করতে আদালতে গড়ায় বিষয়টি। এমনটি আপিল বিভাগে যায় এ ঘটনা। পরে আপিল মামলাটি নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতে পাঠানো হয়। আজ মামলার চূড়ান্ত রায় হলো।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ জুলাই জাপানে এরিকো ও বাংলাদেশি আমেরিকান ইমরান শরীফ জাপানি আইন অনুযায়ী বিয়ে করেন। ১২ বছরের সংসারে তাদের ঘরে আসে তিন কন্যাসন্তান। তবে স্ত্রীকে ডিভোর্সের চিঠি দেয়ার পর সন্তানদের কাস্টডি নিয়ে জাপানের পারিবারিক আদালতে শুরু হয় মামলা।
আমাদের কাগজ/এমটি






















