আইন ও আদালত ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৪৬

ফ্লাইওভার থেকে গ্রাফিতি-পোস্টার অপসারণে হাইকোর্ট নির্দেশ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আগামী দুই সপ্তাহের মধ্যে রাজধানীর সাতটি ফ্লাইওভার থেকে গ্রাফিতি (দেয়াল লিখন) ও সাঁটানো পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতে বলা হয়েছে, পোস্টারিং ও অবৈধ দখল নগরকে ক্ষতিগ্রস্ত করেছে ।একইসঙ্গে এতে জড়িতদের বিরুদ্ধে দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২ এর ৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার(৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট বেঞ্চ বলেন, আমরা দেখি আইন থাকার পরও ফ্লাইওভারের দেয়াল পোস্টারে ভরা। ফ্লাইওভারের দেয়াল থেকে পোস্টার অপসারণ করতে হবে। প্রতিটি নাগরিকের খোলা জায়গার অধিকার আছে। একটি রিট আবেদনের শুনানিকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল এ কথা বলেন।

এছাড়া আগামী সাত দিনের মধ্যে একটা মনিটরিং টিম করতে নির্দেশ দেওয়া হয়েছে। যে টিম ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ করবে। এর আগে গত ২ ফেব্রুয়ারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে অ্যাডভোকেট মো. সরওয়ার আহাদ ও অ্যাডভোকেট রিপন বাড়ই রিটটি করেন। 

রিটে রাজধানীর সব ফ্লাইওভারের দেয়াল থেকে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে রিট আবেদনে ফ্লাইওভারের দেয়ালে পোস্টারিং ও দেয়াল লিখন বন্ধে তদারকি কমিটি গঠনেরও নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়।

আমাদের কাগজ/এমটি