নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের মুকসুদপুরে ১৭ বছর পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০০৬ সালের উপজেলার লওখন্ডা গ্রামের আলোচিত জুন্নুন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে মৃত্যুদণ্ড রায় প্রদানের পর থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন এবং আত্মগোপন করে থাকতেন।
৯ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ তাকে গ্রেপ্তার। বুধবার, ১৫ ফেব্রুয়ারি সকালে মুকসুদপুর থানা-পুলিশের তৎপরতার মাধ্যমে তাকে বর্ণিত হত্যা মামলায় গ্রেপ্তারের আবেদন করলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোর্ট-৩ ঢাকা হতে তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর জন্য পিডাব্লিউ ইস্যু করা হয়। আগামী ৬ মার্চ তারিখে তাকে উক্ত কোর্টে উপস্থাপন করার জন্য দিন ধার্য করা হয়েছে। গ্রেপ্তারকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার লওখন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, আলোচিত জুন্নুন হত্যামামলার আসামি মনির হোসেনের বিরুদ্ধে নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে মৃত্যুদণ্ড রায় প্রদানের পর থেকে সে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছদ্মনাম আজাদ শেখ ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন এবং আত্মগোপন করে থাকতেন। তিনি ঈশ্বরগঞ্জ থানায় একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হন।
ওসি আবু বকর বলেন, পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে ইশ্বরগঞ্জ থানায় যোগাযোগ করলে তার প্রকৃত নাম ঠিকানা প্রকাশ পায়। তিনি মুকসুদপুর থানার মামলা নম্বর ১(৮)২০০৬ এর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
অবশেষে তাকে গ্রেপ্তারের পরে খুন হওয়া জুন্নুনের পরিবার ছেলে হত্যার বিচার পাবে বলে আশা ব্যক্ত করেছে।
আমাদেরকাগজ/ এইচকে






















