আইন ও আদালত ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:২৯

জামিন পাননি বরখাস্তকৃত ওসি প্রদীপের স্ত্রী চুমকি

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে ২০২০ সালের ২৩ আগস্ট চুমকির বিরুদ্ধে দুদকের আনিত মামলায় জামিন দেননি হাইকোর্ট। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে চুমকির ২১ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করতে বলেছেন আদালত।

এর আগে দুর্নীতির মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করেন দুদক।

তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। মামলার শুরু থেকে চুমকি পলাতক থাকলেও গত বছরের ২৩ মে আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি কারাবন্দি। 

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এই হত্যা মামলায় প্রদীপসহ দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

গত বছরের ২৭ জুলাই দুর্নীতির মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছর কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ।

আমাদের কাগজ/এমটি