নিজস্ব প্রতিবেদক : নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এক গৃহবধূকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার , ২১ মার্চ দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন।
অ্যাডভোকেট মকবুল হোসেন-২ জানিয়েছেন, গত ৯ মার্চ বদলগাছী উপজেলার গয়রা গ্রামের মোজাহার আলীর কন্যা মৌসুমী নিজেকে বিধবা পরিচয় দিয়ে একই গ্রামের হাবিবুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
শুনানি শেষে উক্ত মামলা সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হওয়ায় সব আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। মামলাটি মিথ্যা প্রমাণিত হলে হাবিবুর রহমান বাদী হয়ে গত ২০ মার্চ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে ১৭/৩ ধারায় মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মৌসুমী আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করলে বিচারক মেহেদী হাসান তালুকদার তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
আমাদেরকাগজ/ এইচকে






















