আইন ও আদালত ৯ এপ্রিল, ২০২৩ ০৬:৫৮

আরাভসহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এ সময় তিনি সহ আরও ৮ আসামির সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। 

দুবাইয়ে নিজের শোরুম উদ্বোধন করা নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন আরাভ খান। বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে শোরুম উদ্বোধন করা হবে- এমন ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন তিনি।
 
রোববার (৯ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে নিহত পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খানের বোন রওশন আরা, ভগ্নীপতি মোশাররফ হোসেন খান, বনানী যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল সেই বাড়ির নিরাপত্তা রক্ষী মিরাজুল ইসলাম ও মানিক সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।

বিচারক ফয়সাল আতিক বিন কাদের সাক্ষীদের বক্তব্য লিপিবদ্ধ করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। পরে আদালত আগামী ২ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর আগে এ মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্যে ২১ মার্চ এ মামলায় বাদী মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম সাক্ষী দেন। এ পর্যন্ত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

এ মামলার আসামিদের মধ্যে রবিউল ইসলাম ওরফে আরাভ খান ও তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক রয়েছেন। 

অন্য আসামিরা হলেন রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। সাক্ষ্য গ্রহণের সময় কারাগারে আটক ছয় আসামিকে আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ জুলাই রাতে বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খানকে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা রায়দিয়ায় পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে মরদেহের আংশিক পুড়ে যায়। ১০ জুলাই কালীগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

এর সাথে আরাভ খান জড়িত থাকায় সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশের শাখা। পরবর্তীতে এ বিষয়টি ইন্টারপোল অবহিত হলে রেড নোটিশ জারি করে।

আমাদের কাগজ/এমটি