আইন ও আদালত ১৮ জুন, ২০২৩ ০১:৩৩

আলোচিত সেই চেয়ারম্যান বাবুসহ চারজনকে থানায় হস্তান্তর 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বকশীগঞ্জ সদর উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুলের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায় হত্যা করা হয় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে। হত্যার পর আত্মগোপনে চলে যান মূল অভিযুক্ত চেয়ারম্যান বাবু। তবে, শেষ রক্ষা হয়নি। তার সঙ্গে থাকা দুই সহযোগীর ফোনের সূত্র ধরে পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

এদিকে জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চারজনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আজ রোববার বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ভোরে তাদের হস্তান্তর করা হয়। শনিবার (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজন ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, রোববার ভোরে ইউপি চেয়ারম্যান বাবুসহ আরও তিনজনকে থানায় আনেন র‌্যাব। তাদের সকালে আদালতে পাঠানো হবে। একইসঙ্গে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ জুন রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরে ময়মনসিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।


আমাদেরকাগজ/এমটি