আইন ও আদালত ৯ জুলাই, ২০২৩ ০৪:২৬

পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো!

বিনোদন ডেস্ক : রাজধানী ঢাকার বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। রবিবার, ৯ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ দিন ধার্য করেন।

রবিবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে এ দিন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী মামলাটি উচ্চ আদালতে স্থগিতাদেশ শুনানির জন্য আদেশ আছে বলে আদালতে জানান। এরপর আদালত পরবর্তী কার্যক্রমের জন্য ৯ জুলাই তারিখ ধার্য করেন।

এর আগে, গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

২০২২ সালের ১২ মে পরীমণির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন। এরপর গত ২ জুন আদালত পরীমণির ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন।

২০২১ সালের ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস জব্দ করা হয়। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ মদের বোতল।

পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন। তদন্ত শেষে ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

 

আমাদেরকাগজ / এইচকে