ডেস্ক রিপোর্ট।।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল এবং সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদসহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেছেন আবরারের বাবা বরকতুল্লাহ।
আবরারের বাবা জানান, ছেলের হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে চকাবাজার থানায় মামলা করেছেন। বুয়েটের শের-ই-বাংলা হলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ১৯ জনকে শনাক্ত করে এই মামলা করা হয়েছে বলেও জানান আবরারের বাবা। মামলার অন্য আসামিরা হলেন, ক্রীড়া সম্পাদক অনিক সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, ইফতি মোশাররফ সকাল, মুনতাসির আল জেমি, মেহেদী হাসান রবিন, মনিরুজ্জামান মনির, মাজেদুল ইসলাম, মো. মোজাহিদুল, তানভির আহম্মেদ, হোসেন মোহাম্মদ তোহা, মো. জিসান, মো. আকাশ, মো. শামীম বিল্লাহ, মো. শাদাত, মো. তানীম, মো. মোর্শেদ এবং মো. মোয়াজ।
মামলা দায়ের সকল কার্যক্রম শেষ হলে আবরারের লাশ রাত সাড়ে ৯টার দিকে শেষবারের মতো বুয়েট ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয় এবং বুয়েটের কেন্দ্রীয় মসজিদে ৯টা ৩৫ মিনিটের দিকে আবরারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।






















