নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন চেয়েছেন মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান।
সোমবার (২৫ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়।
আদিলুর ও এলানের আইনজীবী মো. রুহুল আমিন ভুঁইয়া জানান, গত ১৪ সেপ্টেম্বর নিম্ন আদালতের রায়ে আদিলুর রহমান খানকে প্রথম শ্রেণির ডিভিশন সুবিধা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে এখনও সে সুবিধা দেয়া হয়নি।’
উল্লেখ্য, এক দশক আগের ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারার মামলায় গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৩ সালে ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচারের মামলায় তার এ সাজা ঘোষণা করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। ওই রায়ে একই সংস্থার পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকেও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের দুজনকেই ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে মামলা হয় আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে। ওই বছরের ১০ আগস্ট গ্রেপ্তার করা হয় আদিলুর রহমানকে। পরে তাকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।
একই বছরের ৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই প্রতিবেদনে বলা হয়, আদিলুর ও নাসির উদ্দিন ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্যসংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করেছেন।
আমাদেরকাগজ/এইচএম






















