আইন ও আদালত ১২ অক্টোবর, ২০২৩ ১২:৪০

মানবতাবিরোধী অপরাধ

সাবেক মন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা

জ্যেষ্ঠ প্রতিবেদক    

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

তার বিরুদ্ধে অপরাধের পৃথক দুটি অভিযোগ আনা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম. সানাউল হক।

মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধান শুরুর সাত বছর পর তদন্ত শেষে গত ৩ অক্টোবর প্রতিবেদন দাখিল করা হয়েছে। কঠোর গোপনীয়তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

অন্যান্য আসামির ক্ষেত্রে প্রতিবেদন দাখিলের আগে সংবাদ সম্মেলন ডেকে তা গণমাধ্যমকে জানানো হয়। তবে বরাবরের মতো সংবাদ সম্মেলন নয়, বরং ওসমান ফারুকের বিষয়ে অনেকটা গোপনীয়তা অবলম্বন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমনকি তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক।

তবে মামলাটি তদন্ত করেছেন তদন্ত কর্মকর্তা (আইও) মো. মতিউর রহমান। তদন্ত শেষে দুটি অভিযোগে গত ৩ অক্টোবর চিফ প্রসিকিউটর বরাবর প্রতিবেদন দাখিল করা হয়। এখন প্রসিকিউশনের পক্ষ থেকে ওসমান ফারুককে গ্রেফতার করতে পরোয়ানা জারির জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। গ্রেফতারের জন্য ওয়ারেন্ট (পরোয়ানা) চাইবেন।’ পরোয়ানার পর গ্রেফতার না হলেও নিয়ম অনুযায়ী তার অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ।