আইন ও আদালত ২৩ নভেম্বর, ২০২৩ ০১:১১

মেয়রের দায়িত্বে বসা হচ্ছে না জাহাঙ্গীরের 

আমাদের কাগজ ডেস্ক: দিনাজপুর পৌরসভার মেয়রের দায়িত্বে আপাতত বসা হচ্ছে না জাহাঙ্গীরের। সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়রকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এবার সে আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। 

পাশাপাশি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

জাহাঙ্গীরের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানিয়েছেন, এ আদেশের ফলে দিনাজপুর পৌরসভার মেয়রের দায়িত্বে আপাতত বসা হচ্ছে না জাহাঙ্গীরের। 

সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক।

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে গত ১২ অক্টোবর তাঁকে এক মাসের কারাদণ্ড দেন আপিল বিভাগ। তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়। এ টাকা পরিশোধ না করলে আরো সাত দিন কারাভোগ করার কথা বলা হয় আদেশে।
এ আদেশের পর গত ১৮ অক্টোবর দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম জুলফিকারউল্ল্যাহর আদালতে আত্মসমর্পণ করেন জাহাঙ্গীর।

সেদিন বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এক মাস কারাভোগের পর গত ১৬ নভেম্বর দুপুরে জাহাঙ্গীর কারামুক্ত হন। এর মধ্যে জরিমানার টাকাও পরিশোধ করেন। তবে কারামুক্তির আগেই গত ৩১ অক্টোবর দিনাজপুর পৌরসভার মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে এ প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর।

হাইকোর্টের আদেশ স্থগিত করতে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ, যা শুনানির পর স্থগিতাদেশ দিলেন সর্বোচ্চ আদালত।


আমাদেরকাগজ/এমটি