আইন ও আদালত ২ জুলাই, ২০২৪ ০১:০৫

‘কর্মচারীদের ভুলেই ৩০ বছর পড়ে ছিল এ হত্যা মামলার বিচার’

নিজস্ব প্রতিবেদক
৩০ বছর ধরে আটকে আছে হত্যা মামলার বিচার- গণমাধ্যমে এমন প্রতিবেদন দেখে কাজ শুরু করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। জানান, বিচার বিভাগের কতিপয় কর্মচারীর ভুলেই এমটি হয়েছে।

মঙ্গলবার (০২ জুলাই) রাজধানীতে আইন আদালত বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
 এ অনুষ্ঠানে প্রবেশ করতেই নতুন কমিটির সদস্যরা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের কতিপয় কর্মচারীর ভুলে ৩০ বছর ধরে একটি হত্যা মামলার বিচার আটকে আছে। ৩০ বছর ধরে হত্যা মামলার নথি গায়েব-এমন রিপোর্ট গণমাধ্যমে দেখেই এ নিয়ে কাজ শুরু করি। নথি খুঁজে বের করতে চিঠি লেখা হয় হাইকোর্টের রেজিস্ট্রারকে। পরে নথি খুঁজে পাওয়া যায়।
 
এসময় ল'রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির উদ্দেশ্যে এ এম আমিন উদ্দিন বলেন, 
 
আইন-আদালত নিয়ে যেসব সাংবাদিকরা প্রতিবেদন তৈরি করেন, তাদের আইন সম্পর্কে জানা থাকলে এটি তৈরিতে সহায়ক হবে। কোর্টের রুলস যদি আপনাদের জানা থাকে, তাহলে সেটি করতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। হাইকোর্টের যে প্রচলিত রীতি নীতি, তারপর সংবিধান বিষয়েও আপনাদের জানাশোনা থাকতে হবে। যদিও আপনাদের অনেকের সংবিধান বিষয়ে অনেক পড়াশোনা আছে।

তিনি বলেন, আপনারা (সাংবাদিকরা) বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এই যে দীর্ঘদিন ধরে কনডেম সেলে আসামি থাকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এ কারণে আমরা পদক্ষেপ নিতে পেরেছি। মানুষকে বিচার পেতে সুপ্রিম কোর্টের সাংবাদিকরা সহযোগিতা করেন। অনেক সময় দেখা যায়, বিচারপ্রার্থীরা সঠিক সময়ে আদালতে আসতে পারেন না বা বিভিন্ন কারণে মামলা পড়ে রয়েছে। দীর্ঘদিনে শুনানি হচ্ছে না। অনেক আদেশ পৌঁছাতে দেরি হয়। এ বিষয়গুলো সাংবাদিকরা তুলে ধরায় সমস্যার সমাধান পাওয়া যায়। এ কারণে আইনকানুন জানা থাকলে প্রতিবেদন করতে আরও সুবিধা হবে।
এ সময় ‘ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।