নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) পর্যন্ত নিহতদের স্মরণে আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর যাত্রাবাড়ী-শনির আখড়া, উত্তরা, মিরপুর-১০ গোল চত্বর, ইসিবি চত্বর, বাড্ডা-রামপুরা, চানখারপুল, মোহাম্মদপুর এবং রংপুরে আবু সাঈদ শহীদ হওয়ার স্থানে স্মৃতি স্তম্ভসহ লাইব্রেরি নির্মাণের এই নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন। আদেশে একইসঙ্গে ছাত্র আন্দোলনে শহীদদের তালিকা প্রস্তুত করতে এবং আহতদের প্রয়োজন অনুযায়ী দেশে-বিদেশে চিকিৎসা ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি চার মাস পর পর এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যরিস্টার আশরাফুল ইসলামের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।






















