কৃষি ২৯ জুলাই, ২০১৯ ০৮:০০

শেরপুরের সবজি যাচ্ছে কুয়েতে

দেশের গণ্ডি পেরিয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সবজি এখন যাচ্ছে কুয়েতে। প্রথমবারের মতো গত সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার দুই দফায় চার মেট্রিক টন সবজি স্থানীয় সবজি আড়ৎদার সুরুজ আলীর মাধ্যমে ঢাকার এ এস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কুয়েতে এ সবজি রপ্তানি করেছেন।

স্থানীয় বাজারে যে কাঁকরোল, করলা, ঝিঙ্গা বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে, বিদেশে রপ্তানিকারি কোম্পানির প্রতিনিধির কাছে তা বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪৫ টাকায়। ফলে এ উপজেলার কৃষকেরা আরও বেশি আগ্রহী হয়ে উঠছেন সবজি চাষে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ৫৪০হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এ পরিমাণ জমিতে মোট ১০হাজার ৮০০ মেট্রিক টন সবজি উৎপাদিত হয়। স্থানীয় মানুষের চাহিদা পূরণ করে সিংহভাগ সবজি জামালপুর, ময়মনসিংহ, ঢাকাসহ দেশের দেশের বিভিন্ন এলাকায় যায়। এখন থেকে বিদেশেও যাচ্ছে।

গত মঙ্গলবার গুমড়া এলাকার সবজির আড়ৎ এ গিয়ে দেখা গেছে, সেখানে রপ্তানিকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা (শ্রমিক) সবজি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ওজন দিয়ে প্যাকেটজাত করে রপ্তানির উপযোগী করছেন। ওই প্যাকেটের গায়ে কুয়েতের একটি স্টিকারও লাগানো হচ্ছে।

সবজির আড়ৎদার সুরুজ আলী বলেন, আমাদের এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ হচ্ছে। কিন্তু স্থানীয়ভাবে চাহিদা না থাকায় সঠিক দাম পাওয়া যায় না। আমি প্রথমে এখান থেকে ঢাকার কাওরান বাজারে পিকআপ ভ্যানে সবজি বিক্রি করতে যেতাম। পরে ওইখানকার একজনের মাধ্যমে ঢাকার এ এস ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির প্রতিনিধির মাধ্যমে এই প্রথমবারের মতো দু দফায় চার মেট্রিক টন সবজি বিক্রি করলাম। এ সবজিগুলোর বড় একটি অংশ কুয়েতে রপ্তানি করবে ওই প্রতিষ্ঠান।