কৃষি ২১ ডিসেম্বর, ২০২২ ০২:০৯

বাজারে কমেছে পেঁয়াজের দাম 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ হিলিতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। গত সপ্তাহে  ২৭-২৮ টাকা বিক্রি হলেও বর্তমানে তা পাইকারিতে ১৭-১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে। পাইকারি বাজারে দাম কমায় খুচরা বাজারেও কমেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে দিনাজপুরের হিলি বাজারে খুচরা পেঁয়াজের কেজি ২০ টাকা দরে বিক্রি হয়েছে। দাম কমায় খুশি হয়েছেন নিম্নআয়ের মানুষজন।

সরজমিনে গিয়ে দেখা যায়, গত সপ্তাহের থেকে এখন পেঁয়াজের দাম কম। দেশের বাজারে অনেক নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেও পেঁয়াজের দাম অনেকটাই কমেছে বলে অনেকে দাবী জানিয়েছেন। 

ভোক্তারা জানায়, এক মাস আগেও হাতের নাগালে ছিল পেঁয়াজের দাম। এর মধ্যেও পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। কিন্তু এবার একটু বেশিই কমেছে।যার জন্য বেশি করে কিনছেন ক্রেতারা। পেঁয়াজের দাম কমায় নিম্ন-আয়ের মানুষদের সুবিধা হয়েছে বলে জানান অনেকেই। 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য বন্দরের আমদানিকারকরা ভারত থেকে বেশি করে পেঁয়াজ আমদানি করে থাকে। এক সপ্তাহ আগে থেকে দেশি পেঁয়াজের সরবরাহ কমায় মোকামগুলোতে চাহিদা বেড়েছিল। এ জন্য ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যায়। এতে পেঁয়াজ কিনতে আমাদের পুঁজি যেমন বেশি লাগছিল, তেমনি লাভ কম হচ্ছিল। এখন পেঁয়াজের দাম কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ ২৭ থেকে ২৮ টাকা কিনতে হয়েছিল বর্তমানে তা ১৭ থেকে ১৮ টাকায় কিনছি। ইতোমধ্যে দেশি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। সেইসঙ্গে চাহিদা কমেছে। এ জন্য খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা খাইরুল ইসলাম আমাদের কাগজকে বলেন, দেশি পেঁয়াজের দাম কম থাকায় আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কমেছে। দেশি মুড়িকাটা পেঁয়াজও বাজারে পাওয়া যাচ্ছে। বেড়েছে সরবরাহও। সেইসঙ্গে দেশি পেঁয়াজের দাম কম থাকায় আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কমেছে। 


অন্যদিকে চাহিদার তুলনায় পেঁয়াজের আমদানি বাড়ায় কম দামে বিক্রি করছেন আমদানিকারকরা। ফলে খুচরা বাজারে দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ ৩০ টাকা বিক্রি করেছি, এখন তা ২০ টাকায় বিক্রি করছি। 

মূলত আমদানি বাড়ায় ও বাজারে দেশি পেঁয়াজ ওঠায় দাম কমেছে। নতুন পেঁয়াজ আরও উঠলে পুরনো পেঁয়াজের দাম আরও কমবে।

বাজারে আসা এক শিক্ষকের সাথে কথা হলে তিনি জানান,' শীত জমে ওঠার আগেই পেঁয়াজের সুখবর পেলাম।এবার রমজান পর্যন্ত টিকলে হয়। আগুন দামে যেন না কিনতে হয় সেই দাবী সরকারের কাছে'। 

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার কর্মদিবসে ভারতীয় ৭৫ ট্রাকে ২ হাজার ২৩৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আমাদের কাগজ/এম টি