কৃষি ১৩ এপ্রিল, ২০২৩ ০৬:৫৭

সরকার ৩০ টাকায় ধান ও ৪৪ টাকায় চাল কিনবে

নিজস্ব প্রতিবেদক : বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি বোরো ধানের দাম ৩০ টাকা এবং সিদ্ধ চালের দাম ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গম ৩৫ টাকা করে কেনা হবে। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। সব মিলিয়ে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে চার লাখ টন ধান এবং ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ সংগ্রহ ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

আমাদেরকাগজ/ এইচকে