প্রবাসের কথা ডেস্ক।।
প্রথম বাংলাদেশি মালিকানাধীন মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির’ উদ্যোগে ইতালির রাজধানী রোমে একটি সতর্কতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যেখানে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোয় প্রবাসীদের উৎসাহ প্রদানসহ মানি লন্ডারিং ও এন্ট্রি টেররিজম বিষয়ে সর্তক করা হয়।
ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান হাজী মো. ইদ্রিস ফরাজি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান রাখতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বৈধ পথে কষ্টার্জিত অর্থ প্রেরণ করে প্রবাসীরা যেমন উপকৃত হবেন, তেমনি পারেন দেশের উন্নয়নে অংশীদার হতে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কর্তৃক ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি টানা তৃতীয়বারের মতো সেরা মানি ট্রান্সফার কোম্পানির খেতাব পেয়েছে। এই গৌরব সকল প্রবাসীদের।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজি, পরিচালক বাবুল মোড়লসহ বিদেশি কর্মকর্তারা। এতে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না হয়, সে জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।






















