ডেস্ক রিপোর্ট
পেঁপে চাষ করে এলাকায় চমক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়ার হাফিজুল ইসলাম। শাহি জাতের পেঁপে চাষ করে বেশ সাফল্য পেয়েছেন তিনি। হাফিজুল ইসলামের বাড়ি মিরপুর উপজেলায়। তিনি ৪২ শতক জমিতে পেঁপে চাষ করেন। বাগানে ৪৫০টি পেঁপে গাছ রয়েছে। প্রতিটি গাছেই প্রচুর পেঁপে ধরেছে।
হাফিজুল ইসলাম বলেন, ‘আমি মাত্র ৪২ শতক জমিতে শাহি জাতের পেঁপের চাষ করেছি। চারা লাগানোর ৪৫ দিনের মধ্যে পেঁপে ধরেছে। এ পর্যন্ত ৯১ হাজার টাকার পেঁপে বিক্রি করেছি। এখনও গাছে যে পরিমাণ পেঁপে আছে তাতে আরও ৬০ হাজার টাকা বিক্রি করতে পারবো বলে আশা করছি।’
পেঁপে চাষে ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পেঁপে চাষ খুবই লাভজনক। আমি চিথলিয়া ব্লকের উপসহকারী কৃষি অফিসার সুকেশ রঞ্জন পালের পরামর্শে পেঁপে চাষ করি। এতে আমি বেশ সাফল্য পেয়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘হাফিজুল ইসলাম পেঁপে চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তিনি কারিগরি সহযোগিতা পেয়েছেন। হাফিজুল ইসলাম শাহি জাতের পেঁপে চাষ করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। তার এই সফলতায় অনেক শিক্ষিত বেকার এখন পেঁপে চাষে আগ্রহ প্রকাশ করেছেন।’






















