আগামী ১১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সে হিসেবে বাংলাদেশে ১২ আগস্ট ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে সৌদি আরবের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আবুধাবিতে অবস্থিত ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বৈজ্ঞানিক হিসাব নিকাশ করে খালিজ টাইমসকে বলেছেন, পবিত্র জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ২ আগস্ট (শুক্রবার) এবং সৌদি আরবের মক্কা নগরীতে আরাফাত ময়দানে লাখ লাখ মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন ১০ আগস্ট (শনিবার)।
ইসলামি চান্দ্র পঞ্জিকায়, ঈদুল আজহা জিলহজের ১০ তারিখে পড়ে। আন্তর্জাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয়, সাধারণত এক বছর থেকে আরেক বছর ১০ বা ১১ দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরদিন মুসলিমদের অন্যতম এ উৎসব বাংলাদেশে পালিত হয়।






















